রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

যুক্তরাজ্যে ইমার্জেন্সি মেডিসিনে বিশ্বের সর্বোচ্চ এফআরসিইএম ডিগ্রি অর্জন করলেন নবীগঞ্জের ডা. খায়রুল ইসলাম হেলাল

  • আপডেট সময় শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ২৭৪ বার পড়া হয়েছে

এ রহমান অলি, লন্ডন থেকে ॥ যুক্তরাজ্যের চিকিৎসা অঙ্গনে বিশেষ পেশাগত সাফল্য অর্জন করেছেন নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামের কৃতি সন্তান ডা. খায়রুল ইসলাম হেলাল। জরুরি চিকিৎসাবিদ্যায় (ইমার্জেন্সি মেডিসিন) যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব ইমার্জেন্সি মেডিসিনের (আরসিইএম) সর্বোচ্চ পর্যায়ের পেশাগত যোগ্যতা “ফেলোশিপ অব দ্য রয়্যাল কলেজ অব ইমার্জেন্সি মেডিসিন” (এফআরসিইএম) অর্জন করেছেন তিনি। তাঁর এ সাফল্যে নবীগঞ্জসহ হবিগঞ্জের মানুষের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। এফআরসিইএম ইমার্জেন্সি মেডিসিনে বিশ্বের সর্বোচ্চ ডিগ্রি ।
ডা. খায়রুল ইসলাম হেলাল নবীগঞ্জ উপজেলার এনাতাবাদ গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও মাষ্টার ব্রিকসের প্রতিষ্ঠাতা মরহুম হাজী সিরাজুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র। তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) অধীন হাসপাতালে কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। চিকিৎসা পেশায় দীর্ঘদিনের অভিজ্ঞতা, নিষ্ঠা ও দক্ষতার পাশাপাশি এফআরসিইএম অর্জন তাঁর কর্মজীবনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
উল্লেখ্য, এফআরসিইএম হলো যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব ইমার্জেন্সি মেডিসিনের অধীনে জরুরি চিকিৎসাবিদ্যায় একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ উচ্চতর পেশাগত যোগ্যতা। এ অর্জনের জন্য দীর্ঘ অধ্যয়ন, কঠোর পরিশ্রম ও ধারাবাহিক পেশাগত দক্ষতার প্রয়োজন হয়।
চিকিৎসা পেশার বাইরেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন ডা. খায়রুল ইসলাম হেলাল। তিনি সিলেটের সেন্ট্রাল ডেন্টাল কলেজ, আল-আমিন নার্সিং কলেজ ও মাউন্ট এডোরা হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থায় পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত পারিবারিক সংগঠন মাষ্টার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য তিনি।
তাঁর শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার মধ্যে রয়েছে এমবিবিএস, ডি-কার্ড, এমআরসিইএম ও এফআরসিইএম। বর্তমানে তিনি যুক্তরাজ্যের এনএইচএস-এ কনসালট্যান্ট হিসেবে কর্মরত রয়েছেন।
ডা. খায়রুল ইসলাম হেলালের এ আন্তর্জাতিক অর্জনে তাঁর পরিবার, আত্মীয়স্বজন, এলাকাবাসী ও শুভাকাক্সক্ষীরা আনন্দ প্রকাশ করেছেন। তাঁদের মতে, তাঁর এ সাফল্য শুধু পরিবারের নয়, বরং নবীগঞ্জ তথা হবিগঞ্জবাসীর জন্যও গর্বের বিষয়। আন্তর্জাতিক অঙ্গনে একজন বাংলাদেশি চিকিৎসকের এমন অর্জন দেশের ভাবমূর্তিকেও উজ্জ্বল করেছে।
পরিবারের পক্ষ থেকে মহান আল্লাহর দরবারে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়েছে। একই সঙ্গে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে তিনি যেন আরও বৃহৎ পরিসরে মানবসেবা এবং অসহায় মানুষের কল্যাণে কাজ করতে পারেন, সে জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com