স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে এসআরবির অভিযানে একটি কভার ভ্যান থেকে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত কভার ভ্যানটিও জব্দ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাত ৩টায় ঢাকা-সিলেট মহাসড়কের কালিকাপুর গ্রামে কানসাই নেরোল্যাক পেইন্টস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান ফটকের পাশ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়া সদর উপজেলার রাজাপুর গ্রামের জাহিদুল ইসলামের ছেলে ফজলে রাব্বী (২৫) এবং নোয়াখালীর সুবর্ণচর উপজেলার হাজী বছির আহম্মদের বাড়ির মৃত বছির উদ্দিনের ছেলে নূর উদ্দিন (৩৫)।
এসআরবি-৯-এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় আইনশৃঙ্খলা রাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে কভার ভ্যানের ভেতরে থাকা দুটি প্লাস্টিকের বস্তা থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে তাঁরা কভার ভ্যানে করে নিয়ে যাচ্ছিলেন।
এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের ও জব্দ করা আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।