স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের পানিউন্দা এলাকায় অভিযান চালিয়ে জোড়া হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটির গণমাধ্যম শাখা। এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে হবিগঞ্জের পানিউন্দা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পীরেরগাঁও এলাকার জামাল হোসেনের ছেলে সুহেল মিয়া (২০) এবং মৃত আছির আলীর ছেলে রোকন মিয়া (২৪)। এসআরবি সূত্রে জানা যায়, পীরেরগাঁও এলাকার বাসিন্দা মতিউর রহমান (৪৮) ও মুজিবুর রহমান (৪১) এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে সুহেল ও রোকন মিয়াদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে গত ২৭ অক্টোবর সকাল ৯টার দিকে মতিউর রহমানকে ঘেরাও করে হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় বড় ভাইকে রক্ষা করতে ছোট ভাই মুজিবুর রহমান এগিয়ে এলে হামলাকারীরা তার ওপরও আক্রমণ করে। পরে স্বজনরা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মতিউর রহমানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মুজিবুর রহমান ও আতাউর রহমানকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৮ অক্টোবর মুজিবুর রহমানের মৃত্যু হয়। এ ঘটনায় জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।গ্রেপ্তার দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এসআরবির গণমাধ্যম কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ।