লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলার মোড়াকরি বাজারে সার বিক্রিতে অনিয়ম ও নির্ধারিত মূল্য না মানার অভিযোগে মেসার্স স্বপন কুমার দেব নামের এক বিএডিসি (বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন) ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল শনিবার (৩১ অক্টোবর) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একটি তদারকি দল মোড়াকরি বাজারে এ অভিযান পরিচালনা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই ডিলার প্রতিষ্ঠানটি সার বিক্রির ক্ষেত্রে সরকারি নিয়ম ও নির্ধারিত মূল্য অনুসরণ করছিল না। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এলে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এদিকে স্থানীয় কৃষকদের অভিযোগ, মাঠপর্যায়ে সার সরবরাহের সময় কিছু অসাধু ডিলার ইচ্ছে করে কৃত্রিম সংকট তৈরি করেন কিংবা কৃষকদের কাছে থেকে অতিরিক্ত দাম আদায় করেন। এর ফলে কৃষকদের মারাত্মক ভোগান্তিতে পড়তে হয়।
কৃষকদের স্বার্থ রক্ষা এবং সার বিতরণ ও বিক্রয় কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখতে এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগী কৃষকেরা।