মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলায় প্রশাসনের হস্তক্ষেপে একটি বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। গতকাল সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার জগদীশপুর ইউনিয়নের খড়কি গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ বিয়ে বন্ধ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৈত্রী রায়ের নেতৃত্বে পরিচালিত অভিযানে বর ও কনের জন্মনিবন্ধন সনদ যাচাই-বাছাই করে তাদের বয়স কম থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পরে তাৎক্ষণিকভাবে বিয়ের আয়োজন বন্ধ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
এ সময় বরের চাচা মজিদ রহমানকে (পিতা: আব্দুল জাহের, গ্রাম: দেবনগর, মাধবপুর, হবিগঞ্জ) ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি বর ও কনের অভিভাবকদের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়। মুচলেকায় বর ও কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তাদের বিয়ে দেবেন না বলে অঙ্গীকার করেন অভিভাবকেরা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৈত্রী রায় জানান, বাল্যবিয়ে প্রতিরোধে উপজেলা প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। সমাজ থেকে বাল্যবিয়ে নির্মূল করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।