লাখাই প্রতিনিধি ॥ ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে লাখাইয়ে পালিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বিভিন্ন কর্মসুচির মধ্যে ছিল- শিশুদের অংশগ্রহণে দৃষ্টিনন্দন চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সচেতনতামূলক র্যালি এবং আলোচনা সভা।
সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মোহিতুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে কন্যাশিশুদের প্রাণবন্ত অংশগ্রহণে বের হওয়া র্যালিটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র্যালি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন লাখাই প্রেসক্লাবের সভাপতি বাহার উদ্দিন, লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, শিক্ষিকা জাহানারা বেগম, পজিপ কর্মকর্তা কে এম সাহেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা সাইফুল আজম এবং শিক্ষার্থী রুবাইয়া ইসলাম ও নাইমা আক্তার।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সংবাদকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।