নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম আরও গতিশীল, নির্ভুল এবং ত্বরান্বিত করার লক্ষ্যে দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালা শেষে জন্ম-মৃত্যু নিবন্ধনে বিশেষ অবদান রাখায় সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুলতানা জেরিন। এতে প্রধান অতিথি ও প্রধান প্রশিক্ষক হিসেবে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে যুক্ত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তর, খুলনার আঞ্চলিক পরিচালক (যুগ্ম সচিব) মোঃ হুসাইন শওকত। জুম কনফারেন্সে তিনি জন্ম-মৃত্যু নিবন্ধন ব্যবস্থার প্রযুক্তিগত দিক, সার্ভার সংক্রান্ত জটিলতা নিরসন এবং সাধারণ মানুষের ভোগান্তি কমিয়ে দ্রুত সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিরুদ্ধ দেব রায়, উপজেলা প্রকল্প কর্মকর্তা শাকিল আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব, উদ্যোক্তা, স্বাস্থ্য সহকারী ও নিবন্ধনের সাথে সংশ্লিষ্ট কর্মীরা অংশ নেন। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রতিটি নাগরিকের জন্য একটি মৌলিক অধিকার ও গুরুত্বপূর্ণ দাপ্তরিক নথি। মাঠ পর্যায়ে এই কার্যক্রমকে শতভাগ সফল করতে সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল ও আন্তরিক হয়ে কাজ করার আহ্বান জানান তাঁরা। এই কর্মশালায় মাঠ পর্যায়ের কাজের গতিশীলতা এবং বিশেষ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়। জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অনন্য অবদান রাখায় উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের ইউপি প্রশাসনিক কর্মকর্তা, একজন স্বাস্থ্য সহকারী এবং সহায়তা প্রদানকারী দুজন গ্রাম পুলিশকে আনুষ্ঠানিক ভাবে এ সম্মাননা দেওয়া হয়। উপস্থিত সকলেই জন্ম-মৃত্যু নিবন্ধনের বিদ্যমান চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠে জনগণকে দ্রুততম সময়ে নির্বিঘ্ন সেবা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।