স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় দিন দিন উদ্বেগজনক হারে বাড়ছে মাদক ব্যবসা ও সেবন। বিভিন্ন মহল্লা, বাজার এবং আবাসিক এলাকায় প্রকাশ্যে মাদক কেনাবেচার অভিযোগ উঠেছে। এতে যুবসমাজ বিপথগামী হওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, মাদক কারবারিরা বিভিন্ন কৌশলে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিশেষ করে কিশোর ও তরুণদের একটি অংশ সহজেই মাদকের নাগাল পাচ্ছে। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগামী শিক্ষার্থী এবং তরুণদের মধ্যে মাদকাসক্তির ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন অভিভাবকেরা।
শায়েস্তাগঞ্জ পৌর এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, সন্ধ্যার পর কিছু এলাকায় সন্দেহজনক ব্যক্তিদের আনাগোনা বেড়ে যায়। প্রশাসনের নিয়মিত অভিযান থাকলেও মাদক ব্যবসা পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না। তাঁরা মাদক ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সূত্র জানায়, শায়েস্তাগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের মহলুল সুনাম, ৯নং ওয়ার্ডের বিরামচর সংলগ্ন বিশ্বরোড, ৩নং ওয়ার্ডের রেল কলোনী, দিঘিরপাড় ও রেলওয়ে হাসপাতাল সংলগ্ন বিভিন্ন দোকান পাঠে, ১নং ওয়ার্ডের জামতলীতে দিনে রাতে সমানতালে চলে মাদকের বেচাকেনা। জামতলীর পাশ্ববর্তী এতবারপুর, মিঠাপুর রাস্তায় সন্ধ্যার পরে বসে মাদকের হাট।
সচেতন নাগরিকেরা মনে করছেন, শুধু অভিযান নয়, মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং পরিবার থেকে সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই এই সমস্যা মোকাবিলা করা সম্ভব।
তাঁদের মতে, যুবসমাজকে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও শিক্ষামুখী কার্যক্রমে সম্পৃক্ত করতে পারলে মাদকের বিস্তার অনেকটাই রোধ করা যাবে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি এবং জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা হবে।