স্টাফ রিপোর্টার ॥ ঐতিহ্যবাহী হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের শতবর্ষ পূর্তি উদযাপন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় স্কুল প্রঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালিটি বের করা হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ করে।
এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ আলহাজ¦ জি কে গউছ। এ সময় তিনি অনুষ্ঠানের ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন। পরে স্কুল প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। শতবর্ষ পূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আফতাব উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ মুশফিক আহমেদের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। অতিথি হিসেবে বক্তৃতা করেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মঈনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সী, হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্র সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক অসিত চন্দ্র বনিক ও অ্যাডভোকেট আব্দুল হান্নান চৌধুরী। অনুষ্ঠানে স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা নানা স্মৃতিচারণ করেন। শেষে রাতে জেলা আধুনিক স্টেডিয়ামে দেশের বরেণ্য শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিনভর শত প্রাণের উচ্ছ্বাসে মেতে উঠেছে স্কুল প্রাঙ্গণ।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ আলহাজ¦ জি কে গউছ এমপি বলেছেন, বর্তমান সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে। যারা বেআইনি কাজ করবেন সরকার তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। অতএব অবৈধ যে কোন কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। দেশের শান্তি শৃঙ্খলা, শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। গত শুক্রবার রাতে তিনি প্রধান অতিথি হিসেবে হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের শতবর্ষ উদযাপন অনুষ্ঠান উদ্বোধন করেন। পরে তিনি ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন।