মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরের বহরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের উপর হামলার অভিযোগে ওই কমিটির সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১ টায় মাধবপুর থানাধীন মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো: আল মামুন এর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে অভিযান চালিয়ে বহরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন আলম রিপন (৩৮)কে গ্রেফতার করেন। রিপন শ্রীধরপুর গ্রামের মো: আব্দুল মালেক মধুলাল এর পুত্র।
এর আগে বুধবার সন্ধ্যায় নির্বাচন পরিচালনা কমিটিতে তার লোক কম রাখার অভিযোগ করে দলবল নিয়ে সাধারণ সম্পাদক আমজাদ আলী শাহীন এর উপর হামলা করে তাকে আহত করে। পরে স্থানীয় লোকজন আমজাদ আলী শাহীনকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। গতকাল বৃহস্পতিবার সকালে আহত শাহীন এর ভাই ইলিয়াস মিয়া বাদী হয়ে মাধবপুর থানা মামলা (মামলা নং-১৭/২০২৬) দায়ের করলে দুপুরে পুলিশ রিপন’কে গ্রেফতার করে। মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো: গোলাম মোস্তফা সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন আছে।