সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে এয়ারগান ও দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত কিতাব আলী আটক নবীগঞ্জে দ্রুতগামী পিকআপ চাপায় প্রাণ গেলো সিএনজি চালক মিন্টুর “হবিগঞ্জে সাংবাদিকতার ৫৭ বছর” গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে বিপুল চোলাই মদ উদ্ধার ॥ আটক ২ কোনো দুর্নীতি খালেদা জিয়াকে স্পর্শ করতে পারেনি-জিকে গউছ তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে-সৈয়দ ফয়সল নবীগঞ্জে এলপি গ্যাসের দাম বেশি রাখায় ডিস্ট্রিবিউটরকে জরিমানা শায়েস্তাগঞ্জ উপজেলা যুবদলের প্রস্তুতি সভা বানিয়াচঙ্গ উপজেলা ছাত্রলীগ সভাপতি মামুনের কারাদন্ড হবিগঞ্জ-২ আসনে নির্বাচনী আচরণ বিধি মানার নির্দেশনা জারি

নবীগঞ্জের দিনারপুর এলাকায় চলছে নির্বিচার পাহাড় কাটার মহোৎসব

  • আপডেট টাইম শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৫ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী ॥ নবীগঞ্জ উপজেলায় দিনারপুর পরগণার বিস্তীর্ণ পাহাড়ি এলাকায় আবারও চলছে নির্বিচার পাহাড় কাটার মহোৎসব। প্রশাসনের বিচ্ছিন্ন উদ্যোগ ও মামলার আনুষ্ঠানিকতায় প্রকৃত অপরাধীরা রয়ে যাচ্ছেন অদূরপ্রান্তে, আর ধ্বংস হচ্ছে শত বছরের টিলা/পাহাড়ের প্রাকৃতিক স্থিতি। পরিবেশবিদদের অভিযোগ, কাগুজে ব্যবস্থা গ্রহণ নয়, নিয়মিত তদারকি ও কঠোর আইনি প্রয়োগ ছাড়া পাহাড় কাটা বন্ধ করা অসম্ভব।
গতকাল শুক্রবার দুপুরে উপজেলার পানিউমদা ইউনিয়নের ববান চা বাগানের ভেতরে প্রায় এক একর এলাকাজুড়ে পাহাড় কেটে সমতল করে ফেলার প্রমাণ পাওয়া যায়। দেখে মনে হল, যেন জোর যার মুল্লুক তার অবস্থা।
স্থানীয়দের অভিযোগ, ৫ আগস্ট দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর দিনারপুরে পাহাড় কাটার মাত্রা হঠাৎ বেড়ে যায়। তাদের দাবি, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির সুযোগে এলাকায় প্রভাবশালী কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের প্রত্যক্ষ ছত্রছায়ায় দীর্ঘদিন ধরেই পাহাড় কাটা চলে আসছে। নতুন ক্ষমতার সমীকরণ তৈরি হওয়ার পর সেই দৌরাত্ম্য আরও বেপরোয়া রূপ নিয়েছে। গত এক সপ্তাহ ধরে প্যারাগণ গ্রুপের মালিকানাধীন ববান চা বাগানের ভেতরে একটি সংঘবদ্ধ চক্র প্রশাসনের অনুমতি ছাড়া রাতের আঁধারে পাহাড় কেটে বিভিন্নস্থানে মাটি বিক্রি করে আসছিলো। শুধুমাত্র এখানেই নয়, দেবপাড়া ইউনিয়ন, গজনাইপুর ইউনিয়নের কুড়াগাঁও এবং পানিউমদার পামিউমদা, রোকনপুর, বড়চরসহ বিভিন্ন এলাকায় একই কায়দায় টিলা কেটে সমতল করছে অসাধু ব্যক্তিরা।
২০১৫ সালে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা রিটের প্রেক্ষিতে দিনারপুর এলাকায় পাহাড়টিলা কাটায় প্রশাসনের নিষ্ক্রিয়তাকে ‘অবৈধ’ ঘোষণা করেছিলেন হাইকোর্ট। একই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়। কিন্তু আদালতের সেই নির্দেশনার এক দশক পরও পাহাড় ধ্বংসের এই দৌরাত্ম্য থামেনি।
ইতিমধ্যে প্যারাগণ গ্রুপের মালিকানাধীন ববান চা বাগানে পাহাড় কাটার ঘটনাস্থল পরিদর্শন করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম। এ ঘটনায় পানিউমদা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তোফাজ্জল হোসেন চৌধুরী বাদী হয়ে পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে বাগানের স্বত্বাধিকারী মশিউর রহমান, ম্যানেজার মোস্তফা কামাল আমীর ও টিলাবাবু বিনয় চন্দ্র বর্মণ এর বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তবে স্থানীয়দের প্রশ্ন, পাহাড় কাটার মধ্যবর্তী সময়ে প্রশাসন কোথায় ছিল ?। পানিউমদা ইউনিয়নের হরতকিপাড়া গ্রামের বাসিন্দা আমির হোসেন বলেন, “পাহাড় কাটার খবর দিলে প্রশাসন সঙ্গে সঙ্গে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেয় না। পাহাড় কেটে মাটি বিক্রি শেষ হলে এসে অভিযান চালানো হয়। স্থানীয় ভূমি অফিস সব জানলেও রহস্যজনক কারণে দ্রুত ব্যবস্থা নেয় না।” পরিবেশ আন্দোলন বাপা হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, “অবিলম্বে কঠোর পদক্ষেপ নিলে পাহাড় কাটা বন্ধ করা সম্ভব। কিন্তু প্রশাসনের ধীরগতি ও অসংগতির কারণেই প্রতিনিয়ত পাহাড় কেটে ধ্বংস করা হচ্ছে অঞ্চলটির প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র।” এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা ভূমি সহকারী কমিশনার (এসিল্যান্ড) বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে নবীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, “আমরা পাহাড় কাটার বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। দিনারপুর এলাকার পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য্য রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।”
তবে মাঠ পর্যায়ের বাস্তবতা বলছে ভিন্ন কথা, প্রশাসনের শিথিল নজরদারি ও তদারকি ঘাটতির সুযোগে নবীগঞ্জে পাহাড় কাটার এই মহোৎসব থামছেই না। দিনারপুরের পাহাড়টিলা ধ্বংসের এই বেপরোয়া চিত্র তুলে দিচ্ছে এক ভয়ংকর পরিবেশ ঝুঁকির ইঙ্গিত। তাই পরিবেশ রক্ষায় প্রশাসনকে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবী স্থানীয়দের।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com