সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে এয়ারগান ও দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত কিতাব আলী আটক নবীগঞ্জে দ্রুতগামী পিকআপ চাপায় প্রাণ গেলো সিএনজি চালক মিন্টুর “হবিগঞ্জে সাংবাদিকতার ৫৭ বছর” গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে বিপুল চোলাই মদ উদ্ধার ॥ আটক ২ কোনো দুর্নীতি খালেদা জিয়াকে স্পর্শ করতে পারেনি-জিকে গউছ তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে-সৈয়দ ফয়সল নবীগঞ্জে এলপি গ্যাসের দাম বেশি রাখায় ডিস্ট্রিবিউটরকে জরিমানা শায়েস্তাগঞ্জ উপজেলা যুবদলের প্রস্তুতি সভা বানিয়াচঙ্গ উপজেলা ছাত্রলীগ সভাপতি মামুনের কারাদন্ড হবিগঞ্জ-২ আসনে নির্বাচনী আচরণ বিধি মানার নির্দেশনা জারি

লিবিয়া থেকে গ্রিসে অনুপ্রবেশের ট্র্যাজেডি ॥ পানি ভেবে পেট্রোল পান ২ জনের মৃত্যু ॥ অসুস্থ ৪০

  • আপডেট টাইম শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৩ বা পড়া হয়েছে

গ্রিস প্রতিনিধি ॥ গ্রিসে অবৈধভাবে নৌপথে অনুপ্রবেশের চেষ্টায় ভয়াবহ পরিস্থিতির শিকার হয়েছেন প্রায় ৪০ জন বাংলাদেশি। তীব্র শীত ও ক্ষুধার পাশাপাশি মানবপাচারকারীদের নৌকায় পানির অভাবে পানি ভেবে পেট্রোল পান করে ২জন মারা গেছেন। মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন আরো অন্তত ৪০ জন।
নিহতরা হলেন- সুনামগঞ্জের দিরাই উপজেলার আব্দুস মিয়ার পুত্র শাকিব আহমেদ শুভ এবং একই জেলার জিতু উল্লাহর পুত্র সায়েম আহমেদ।
গত বৃহস্পতিবার এথেন্সস্থ বাংলাদেশ দূতাবাস জানায়, গত ২৬ নভেম্বর ছোট নৌকায় লিবিয়া থেকে গ্রিস অভিমুখে তারা যাত্রা শুরু করেন। মাঝ সমুদ্রে তাঁদের প্লাস্টিকের তৈরী নৌকাটি ছিদ্র হয়ে নৌকায় পানি প্রবেশ করে। পথিমধ্যে তাদের কাছে কোন খাবার ছিলনা। তাঁরা প্রচন্ড ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত ছিল। প্রায় দু’দিন খাবার না পেয়ে তারা প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় পানি ভেবে বোতলে থাকা পেট্রোল পান করেন। এতে অনেকেই অচেতন হয়ে পড়েন। পরে গ্রিসের কোস্টগার্ড ও স্থানীয় পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
গ্রিসের ক্রিতি আইল্যান্ডের একটি হাসপাতাল এ ঘটনায় বাংলাদেশ দূতাবাসকে অবহিত করলে দূতাবাস তাৎক্ষণিকভাবে চিকিৎসাধীন বাংলাদেশিদের খোঁজখবর নেয়। দূতাবাসের প্রথম সচিব রাবেয়া বেগম হাসপাতালে গিয়ে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন ও চিকিৎসা ব্যবস্থার খোঁজ নেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পেট্রোল পান করার কারণে তাদের অনেকের পাকস্থলী ও শ্বাসযন্ত্রে গুরুতর জটিলতা দেখা দেয়। শারীরিক দুর্বলতা, পানিশূন্যতা ও হাইপোথার্মিয়ার কারণে চিকিৎসা আরও জটিল হয়ে ওঠে। পেট্রোল পান করার কারণেই ২ জনের মৃত্যুসহ বাকি ৪০ জনের অবস্থা গুরতর ছিল। এছাড়াও একজনের কিডনীতে পেট্রোলের প্রভাব পড়ে। যার কারণে তার কিডনী ডায়ালাইসিস চলমান রয়েছে। বাকীদের অবস্থা শঙ্কামুক্ত থাকায় দু’দিন পরে তাদেরকে হাসপাতাল থেকে রিলিজ করে দেয়া হবে মর্মে জানায় কর্তৃপক্ষ। এছাড়াও আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তাদেরকেও মালাকাসা ক্যাম্পে প্রেরণ করা হবে বলেও জানানো হয়।
আটককৃতরা জানান, দালালচক্রের মাধ্যমে নৌকায় গ্রিসে অনুপ্রবেশের চেষ্টা করার সময় পর্যাপ্ত খাবার বা পানি দেওয়া হয়নি। অমানবিক অবস্থায় ভ্রমণ করতে গিয়ে তারা জীবনের ঝুঁকিতে পড়েন।
এথেন্সের বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব রাবেয়া বেগম বলেন, মানবপাচারকারীদের হাত থেকে দূরে থাকতে এবং কোনোভাবেই অবৈধভাবে সমুদ্রপথে গ্রিসে যাওয়ার চেষ্টা না করতে সর্বসাধারণকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে হাসপাতালে থাকা বাংলাদেশিদের প্রয়োজনীয় সব সহযোগিতা করা হচ্ছে।
রাবেয়া বেগম আরো বলেন, “অবৈধ পথে অনুপ্রবেশ জীবনের জন্য ভয়াবহ ঝুঁকি। গ্রিসে বৈধভাবে আসার পথ ছাড়া অন্য কোনো উপায় গ্রহণ করা উচিত নয়।”
নিহত দুই যুবকের মরদেহ দেশে পাঠাতে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে দূতাবাস। এ ঘটনায় গ্রিসে অবস্থানরত প্রবাসীদের মধ্যেও ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com