চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৪ টায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল ইসলাম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ওসি (তদন্ত) মোহাম্মদ আল আমিন, বিএনপি নেতা জহিরুল আলম চৌধুরী, সাংবাদিক নুরুল আমিন, জুয়েল খান, আসাদুজ্জামান শামীম, জামাত নেতা সাজল মিয়া, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, ব্যবসায়ী, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বক্তারা বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনগণের অংশগ্রহণ ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে জনগণ সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারবে এবং স্থানীয় পর্যায়ে ছোটখাটো অপরাধ, পারিবারিক বিরোধ, নারী নির্যাতনসহ নানা সামাজিক সমস্যা দ্রুত সমাধান সম্ভব হবে। প্রধান অতিথি ওসি মোঃ জাহিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, পুলিশ জনগণের বন্ধু। অপরাধ দমনে জনগণকে আরও সচেতন হতে হবে। তথ্য দিয়ে সহযোগিতা করলে সমাজ থেকে মাদক, জুয়া ও চুরি-ছিনতাইসহ সব অপরাধ কার্যকরভাবে প্রতিরোধ করা সম্ভব। সভা শেষে উপস্থিত জনগণের বিভিন্ন অভিযোগ ও পরামর্শ শোনেন থানার কর্মকর্তারা এবং বিট পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার আশ্বাস দেন।